ভোট কেন্দ্রে শ্রাবন্তীকে দেখতে ভিড়
শ্রাবন্তী চ্যাটার্জি
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পশ্চিমবঙ্গ। বুধবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি কলকাতার বিভিন্ন কেন্দ্রে দিনভর ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। পরিবার নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দির কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন শ্রাবন্তী। ভোট কেন্দ্রে যাওয়ার পর উপচে পড়েন তার ভক্তরা। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সামনে গিয়ে অমোচনীয় কালি যুক্ত হাতের আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী।
এ সময় অভিব্যক্তি প্রকাশ করে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “বাবা-মা, দিদিকে নিয়ে ভোট দিতে এসেছি। যেখানে আমি বড় হয়েছি, সেখানেই আমার ভোট কেন্দ্র। এখানে এসে খুব ভালো লাগছে। অনেক চেনা-পরিচিতদের সঙ্গে দেখা হয়েছে। খুব ভালো লাগছে।”
কোন দল পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “জনগণ অনেক বিচক্ষণ। আমি মানুষের উপরে ছেড়ে দিয়েছি।”
ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা সক্রিয়ভাবে রাজনীতি করছেন। ২০২১ সালে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী চ্যাটার্জি। একই বছর দলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম আসনে প্রার্থী হয়ে পরাজিত হন। বিজেপির কার্যক্রমে হতাশ হয়ে একই বছরের ২১ নভেম্বর দল ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। পরের বছর তৃণমূল কংগ্রেসের নির্বাচনি প্রচারে দেখা যায় শ্রাবন্তীকে।
বলে রাখা ভালো, কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হয়। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।
ঢাকা/শান্ত
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী