৫ আগস্টের গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা অন্যায়: ফজলুর রহমান
সংসদ অধিবেশনে ফজলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
৫ আগস্টের গণঅভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার তীব্র সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, “হিমালয় পর্বতের সঙ্গে টিলার যেমন তুলনা হয় না, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও অন্যায়।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “৫ আগস্টের যোদ্ধাদের ছোট করছি না। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমিও আন্দোলনে ছিলাম। কিন্তু আগস্ট কোনো বিপ্লব নয়, এটি গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধ মহাসমুদ্রের চেয়েও গভীর।”
তিনি বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ভিত্তি গড়েছেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।”
“যতদিন বাংলাদেশ থাকবে, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা জিতবে, রাজাকাররা কোনোদিন জয়লাভ করতে পারবে না,” বলেন তিনি।
ঢাকা/এএএম/এসবি
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী