পঞ্চগড়ে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফেরার পথে পলাশ চন্দ্র মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তাকে তল্লাশি করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার পাওয়া যায়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তাকে আটক করা হয়।
পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকায়। প্রায় মাস খানেক আগে তিনি বাংলাদেশে এসেছিলেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস বলেন, সোমবার নিজ দেশে ফেরত যাচ্ছিলেন পলাশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চেকপোস্টে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/নাঈম/রাজীব