নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, কিলঘুষিতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে কিলঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মনোবাবুর ঘাটে এ ঘটনা ঘটে। হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, হানিফ নৌকা দিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে নৌকায় বসা নিয়ে একই গ্রামের এলেম খাঁর সঙ্গে হানিফ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় এলেম খাঁর কিলঘুষিতে হানিফ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/পলাশ/রাজীব