ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩৯ জন 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ এপ্রিল ২০২৬  
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩৯ জন 

ফাইল ফটো

কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত দেড় মাসে জেলায় মোট ৭৭৪ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

আরো পড়ুন:

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়ায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৪ জনে। তাদের মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া হামের রোগী ৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১২ জন, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন। 

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এখন পর্যন্ত হামের উপসর্গধারী ৬৩৪ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। তবে, সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে এ পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হামের সঠিক চিকিৎসা ও সময়মতো টিকা গ্রহণ করলে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হচ্ছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা হামের লক্ষণ দেখা দেওয়ামাত্রই নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে, শিশুদের ক্ষেত্রে জ্বর ও শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধে শিশুদের হাম-রুবেলার টিকা নিশ্চিত করা জরুরি। বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের আলাদা রাখা এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও তরল খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও জনবল প্রস্তুত রয়েছে। আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমেই এই প্রাদুর্ভাব মোকাবিলা সম্ভব।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়