শিশু কোলে ট্রেনের নিচে নিজেকে শেষ করা সেই নারীর পরিচয় মিলেছে
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে ট্রেনে কাটা পড়ে নিহত নারী ও শিশুর পরিচয় মিলেছে। তারা হলেন- পলি বেগম (২৭) ও ফুরকান ভূঁইয়া (২)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর ওপর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের নূরু ইসলাম ভুঁইয়ার স্ত্রী ও ফুরকান ভুঁইয়া তাদের ছেলে। নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফুরকানকে নিয়ে রেলসেতুতে দাঁড়িয়ে ছিলেন পলি। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন। তার কোলে থাকা ফুরকান ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাটি দেখে ছুটে যান। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন বলেন, “শিশু কোলে স্থানীয়দের কাছে এক নারী বারবার জানতে চাচ্ছিলেন, ট্রেন কখন আসবে। তবে, সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি। এর কিছু সময় পর শিশুকে কোলে নিয়ে রেলসেতুতে উঠেন তিনি। তখন বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এলে কাটা পড়ে ঘটনাস্থলেই নারী ও হাসপাতালে নিলে শিশুটির মৃত্যু হয়।” সেই সময় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মো. অলি মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি তার শিশুসন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন। মা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
ঢাকা/শরিফুল/রাজীব
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১১, আক্রান্ত ১০৫৮