‘ট্রেন কখন আসবে’, শিশু কোলে সেই ট্রেনে শেষ হলেন নারী
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিশু কোলে স্থানীয়দের কাছে এক নারী বারবার জানতে চাচ্ছিলেন, ট্রেন কখন আসবে। তবে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি। এর কিছু সময় পর শিশুকে কোলে নিয়ে চিত্রা সেতু রেল ব্রিজে উঠে যান ওই নারী। তখন বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এলে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়—ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, নিহত দুজন সম্পর্কে মা-ছেলে। ওই নারী তার দুই বছরের ছেলে শিশুকে নিয়ে আত্মহত্যা করেছেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “অজ্ঞাত ওই নারী এবং শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।”
ঢাকা/শরিফুল/রাজীব
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১১, আক্রান্ত ১০৫৮