নতুন চার্ট কার্যকর নেই, আগের ভাড়াতেই চলছে বাস
ছবি: রাইজিংবিডি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিলেও এখনো সরকারের পক্ষ থেকে নতুন ভাড়ার অফিসিয়াল চার্ট হাতে না পাওয়ায় পুরোনো ভাড়াতেই চলাচল করছে রাজধানীর গণপরিবহন। তবে নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং শিগগিরই তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছে পরিবহন খাত সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ বাসে আগের নির্ধারিত ভাড়াই নিচ্ছে। তবে তাদের হাতে নতুন ভাড়ার চার্ট পৌছাইলে তারা সেই অনুযায়ী ভাড়া আদায় করবে।
আজিমপুর থেকে মিরপুর রুটের চলাচল করা মিরপুর লিংক বাসের যাত্রী বেসরকারি চাকরিজীবী জাবের হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “সরকার বাস ভাড়ার ঘোষণা দিয়েছে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে। বাসে ওঠার সময় ভেবেছিলাম আজ হয়তো বাড়তি টাকা দিতে হবে। কিন্তু সুপারভাইজার আগের ভাড়াই নিলেন। নতুন চার্ট না আসা পর্যন্ত অন্তত এই কয়দিন কয়েকটা টাকা সাশ্রয় হচ্ছে, এটাই এখনকার বড় পাওনা।”
মোহাম্মদপুর থেকে বনশ্রী রুটের চলাচল করা রমজান বাসের যাত্রী ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী, “আজ আগের ভাড়াই নিয়েছে, নতুন ভাড়া চার্ট হলে তো ভাড়া বেড়ে যাবে। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের যাতায়াত খরচ বাড়ানো মানে অন্য খরচে কাটছাঁট করা।”
বসিলা থেকে ডেমরা রুটের চলাচল করা মিডলাইন বাসের যাত্রী বেসরকারি চাকরিজীবী কুলসুম আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন নতুন ভাড়ার চার্ট নেই বলে রক্ষা। অনেক সময় চার্ট না থাকলে হেল্পাররা নিজেদের মতো ভাড়া চায়। প্রশাসন যদি দ্রুত নতুন চার্ট বাসে বাসে লাগিয়ে দেয়, তাহলে তর্কাতর্কি কমবে।”
একই বাসের সুপারভাইজার এহসান হক রাইজিংবিডি ডটকমকে বলেন, “মালিক পক্ষ থেকে এখনো নতুন চার্ট আমাদের হাতে দেওয়া হয়নি। তাই আমরা আগের ভাড়াই নিচ্ছি। চার্ট ছাড়া বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা মারমুখী হয়ে ওঠে। আমরা ঝগড়াঝাঁটি এড়াতে আপাতত সরকারি নির্দেশের অপেক্ষায় আছি।”
মালঞ্চ পরিবহনের সুপারভাইজার আমির হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “যাত্রীরা ভাবে আমরা ইচ্ছা করে ভাড়া বেশি নেই। কিন্তু আমরা তো পেটের দায়ে চাকরি করি। নতুন চার্ট চলে আসলে আমাদেরও সুবিধা, কারোর সাথে কথা কাটাকাটি হবে না। এখন পর্যন্ত আগের ভাড়াই কাটছি, তবে নতুন চার্ট কালকের মধ্যেই চলে আসতে পারে।”
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়।
ঢাকা/রায়হান/সাইফ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫