ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪৯, ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

ডিজেলের দাম বাড়ার জেরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপন আজ থেকে কার্যকর হবে।

এর আগে দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসের নতুন ভাড়ার ঘোষণা দেন।  

আরো পড়ুন:

কোথায় কত বাড়ল 
প্রজ্ঞাপন অনুযায়ী- ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস: প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা।  
-আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা।  
-ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ডিটিসিএভুক্ত ছয় জেলার বাস-মিনিবাসে  প্রতি কিলোমিটার ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা। ডিটিসিএ এলাকার মধ্যে আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা।  ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত থাকছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ভাড়া শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের জন্য। গ্যাসচালিত বাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙাতে হবে।  

আরামদায়ক ভ্রমণের জন্য আসন কমিয়ে বাস পুনর্বিন্যাস করলে দূরপাল্লার ক্ষেত্রে আনুপাতিক হারে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে বিআরটিএ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে। 

১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। ডিজেল লিটারে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বাড়ে। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই বাসমালিক ও শ্রমিকেরা ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।

ঢাকা/এএএম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়