ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুদের টাকা দিতে না পারায় কৃষকের ৩ গরু নিয়ে গেছে মহাজন

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২৩ এপ্রিল ২০২৬  
সুদের টাকা দিতে না পারায় কৃষকের ৩ গরু নিয়ে গেছে মহাজন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের আট্টরাবাড়ি গ্রামের দরিদ্র‍ কৃষক আলতাফ হোসেন গাজী। ৮ বছর আগে মেয়েকে বিদেশে পাঠানোর সময় প্রতিবেশী সুদি মহাজন আবুল হোসেন গাজীর কাছে থেকে ৩৫ হাজার টাকা ঋণ নেন। কথা ছিল, ৩৫ হাজার টাকায় সুদ হিসেবে প্রতি বছর দিতে হবে ১৭ মণ ধান। আলতাফ হোসেন গাজী প্রথম বছর ১৬ মণ ধান সুদ হিসেব পরিশোধ করেন। কিন্তু, এর পরেই তার সেজ মেয়ে সায়মার দুরারোগ্য অসুখ ধরা পড়ে। এ কারণে সুদের টাকা বা ধান দিতে না পারায় প্রতি বছর চক্র বৃদ্ধি হারে সেই সুদের টাকা যোগ হয় আসলের সঙ্গে।

সুদের টাকা আর দিতে না পারায় বুধবার (২২ এপ্রিল) আবুল হোসেন গাজী এবং তার স্ত্রী-সন্তানরা আলতাফ হোসেন গাজীর বাড়িতে এসে টাকার জন্য চাপ দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গোয়াল ঘর থেকে তিনটি গরু ধরে নিয়ে যান তারা। এতে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

আলতাফ হোসেন গাজী সাংবাদিকদের জানিয়েছেন, এ পর্যন্ত ১৬ মণ ধানসহ প্রথম কিস্তিতে ৮৫ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫৫ হাজার টাকা, তৃতীয় কিস্তিতে ১ লাখ টাকা এবং তার পরে আরো ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। আট বছরে ৩৫ হাজার টাকা ঋণের বিপরীতে প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা পরিশোধ করার পরও সুদি মহাজন আবুল গাজীর দাবি এখনও সাড়ে ৩ লাখ টাকা পাবেন তিনি।

তিনি বলেন, “আমি পাশের গ্রাম থেকে দুটি গরু বর্গা এনে পালন করছি। বুধবার রাতে আবুল হোসেন গাজী, তার স্ত্রী ও সন্তান আমার বাড়িতে এসে সুদের টাকার জন্য চাপ দেন। একপর্যায়ে তারা গোয়াল ঘর থেকে দুটি গাভী ও একটি বাছুর নিয়ে যান।"

অভিযুক্ত আবুল হোসেন গাজীর বাড়িতে গিয়ে দেখা গেছে, ছোট্ট একটি ঘরে আছে আলতাফ হোসেনের গরু তিনটি। 

এ বিষয়ে কথা বলতে আবুল হোসেন গাজীর খোঁজ করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “আমরা ৪ লাখ টাকা দিয়েছি। টাকা পরিশোধ না করায় গরু নিয়ে এসেছি।”

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়