‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’
‘পাপ কাহিনী-২’ ওয়েব সিরিজের দৃশ্য
শাহরিয়ার নাজিম জয় নির্মিত আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। নির্মিত হয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। নাম রাখা হয়েছে—‘পাপ কাহিনী-২’। মুক্তির আগে দর্শকদের মাঝে কৌতূহল বাড়াতে মুক্তি পেয়েছে সিরিজটির টিজার।
৩৭ সেকেন্ডের এই টিজারের শুরুতেই ভেসে ওঠে সতর্কবার্তা—“দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।” এরপর একে একে উঠে আসে কয়েকটি রহস্যময় দৃশ্য। কোনো সংলাপ নেই, শুধু আবহসংগীতের তালে দ্রুতগতির কিছু ভিজ্যুয়াল—যা গল্পকে আড়ালেই রেখে বাড়িয়েছে আগ্রহ।
প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধ—এই চারটি উপাদানকে ঘিরেই গড়ে উঠেছে ‘পাপ কাহিনী-২’ সিরিজের গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিণ খান, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
প্রথম কিস্তিতে গল্প আবর্তিত হয়েছিল মফিজ নামে এক ব্যক্তিকে ঘিরে। স্ত্রীর অঢেল সম্পদ থাকলেও তার প্রতি ছিল না কোনো টান। অন্য নারীর প্রতি আকৃষ্ট মফিজ হাতেনাতে ধরা পড়ে স্ত্রীর কাছে। পরে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দিলেও একসময় তাকে হত্যার উদ্দেশ্যে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় তার স্ত্রী; সেখান থেকেই গল্প নতুনভাবে মোড় নেয়।
দ্বিতীয় মৌসুমের টিজারেও মিলেছে একই ধাঁচের ইঙ্গিত—ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা, আর তার পরিণতিতে প্রতিশোধের আগুন। তবে পুরো গল্প জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।
ঢাকা/রাহাত/শান্ত