ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৫৭, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক

‘মাইকেল’ সিনেমার দৃশ্যে জাফর জ্যাকসন

‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসন ২০০৯ সালে পঞ্চাশ বছর বয়সে পরপারে পাড়ি জমান। মৃত্যুর পরও বিশ্বের কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে বেঁচে আছেন। তাকে নিয়ে মৃত্যুর আগেও যেমন কৌতূহল ছিল, মৃত্যুর পরও সেই কৌতূহলে খুব একটা ভাটা পড়েনি।  

পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক। ভক্ত-অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’ সিনেমা। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। বাংলাদেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। 

আরো পড়ুন:

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরো অভিনয় করেছেন—মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।  

সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের জীবনের গল্প, যেভাবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী। মঞ্চের বাইরের জীবন ও একক সংগীতজীবনের সোনালি মুহূর্তগুলো দর্শক দেখবেন একেবারে কাছ থেকে, যেখানে শুরু হয়েছিল তার পথচলা। মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে রয়েছে সিনেমাটির গল্পে। 

মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়ালংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। এ ছাড়া সংগীতজগতের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন—মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও। এ চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। 

ছোট বয়সে জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মাইকেলের যাত্রা শুরু হয়। সেখান থেকে ধীরে ধীরে একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকা। এই বায়োপিকে দেখা যাবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প; রয়েছে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। 

বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক সাড়া তৈরি করবে বলে মনে করেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বইয়ের দশক থেকে শুরু করে এই সময়েও পপসংগীত শ্রোতাদের কাছে সম্রাট হয়ে আছেন মাইকেল। সবারই তার বায়োপিক দেখার আগ্রহ আছে। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অগ্রিম টিকিটের খোঁজ নিচ্ছেন। সিনেমাটি সবার মন জয় করবে বলে আমরা আশাবাদী।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়