ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে এসএসসিতে ১২ শিক্ষার্থীর ভুল প্রশ্নে পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৩ এপ্রিল ২০২৬  
যশোরে এসএসসিতে ১২ শিক্ষার্থীর ভুল প্রশ্নে পরীক্ষা 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (কেন্দ্র নং-৫৩১) চলতি এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ভুল প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষায় ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করায় অন্তত ১২ শিক্ষার্থীর ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ভুল হয়েছে। ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ধারাবাহিকতায় এ দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুঝতে পারে সে ২০২৫ সালের পুরনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। অথচ সে নতুন সিলেবাসের পরীক্ষার্থী।

বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ জন পরীক্ষার্থী ওই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে কেন্দ্রের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয়।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায় এড়াতে পারেন কি-না এমন প্রশ্নে হল সুপার ফারুক হোসেন বলেন, ‘‘আমরাও কনফিউজড যে কীভাবে একই রুমে একই সাবজেক্টে আলাদা দুটি প্রশ্ন আসল? আমরা এ ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ডে যাব।’’ 

শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মোবাইল ফোনে বলেন, ‘‘তদন্ত চলছে। শেষ হলে সব প্রশ্নের উত্তর দিতে পারব।’’ 
 

ঢাকা/রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়