ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শব্দদূষণ ঠেকাতে চবিতে সচেতনতা কর্মসূচি

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৩ এপ্রিল ২০২৬  
শব্দদূষণ ঠেকাতে চবিতে সচেতনতা কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ রোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

আরো পড়ুন:

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আর নয় শব্দ, হর্ন করি জব্দ’, ‘নো হর্ন নীতি ধরি, সবুজ ক্যাম্পাস গড়ি’, ‘বিপ নয়, প্রকৃতিকে ঘুমাতে দাও’ এমন বিভিন্ন স্লোগান দেন।

সংগঠনটির সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে যানবাহনের শব্দের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অতিরিক্ত সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শব্দের ব্যবহার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দিয়ে উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন বলেন, “অনেকেই অকারণে হর্ন ব্যবহার করেন, যা শব্দদূষণ বাড়ায় এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই উদ্যোগের মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমে এবং শিক্ষার্থীরাও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখে।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে একটি পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।

কর্মসূচির অংশ হিসেবে রিকশা ও সিএনজি চালকদের মধ্যেও হর্ন ব্যবহারের ক্ষতিকর দিক এবং পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হয়।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়