ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবিতে সামাজিক বিজ্ঞান ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষার্থীসহ ৩ শিক্ষক

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৫৫, ২৩ এপ্রিল ২০২৬
রাবিতে সামাজিক বিজ্ঞান ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষার্থীসহ ৩ শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে অনুষদের ১০টি বিভাগের ১০ জন শিক্ষার্থী এবং তিনটি ক্যাটাগরিতে তিনজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার ‘সেরা গবেষক’, ‘সেরা প্রবন্ধ’, ‘সেরা গ্রন্থ’ এবং ‘সেরা শিক্ষার্থী’ এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এবং শিক্ষকেদের গবেষণা ও প্রকাশনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

সেরা প্রবন্ধ ক্যাটাগরিতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. আরমান হোসেন, সেরা গ্রন্থকার হিসেবে অধ্যাপক মো. আওয়াল হোসেন মোল্লা এবং সেরা গবেষক হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পান্ডে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।

সেরা শিক্ষার্থী ক্যাটাগরিতে অনুষদের ১০টি বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন—অর্থনীতি বিভাগের নাফিসা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রাণী মন্ডল, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোক প্রশাসন বিভাগের মমতাজ ফারজানা থিথি, নৃবিজ্ঞান বিভাগের মিস জান্নাতুল মাওয়া শিন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাশ, সমাজকর্ম বিভাগের অন্তরা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান ফয়সাল।

পুরস্কারপ্রাপ্তদের অনুভূতি জানাতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বর্ষা রাণী মন্ডল জানান, এই অর্জনের জন্য তিনি সৃষ্টিকর্তা, পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, “ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার পথ সহজ ছিল না; দীর্ঘ সময় ধরে নিয়মিত অধ্যয়ন ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, “এই সম্মাননা অর্জন শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। মেধার ভিত্তি হলো পরিশ্রম, আর সাফল্যের পেছনে ব্যক্তিগত শ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখায় শিক্ষার্থীদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

এছাড়াও, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিনদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “ডিনস অ্যাওয়ার্ডের এই আয়োজন সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য একটি স্মরণীয় ঘটনা। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি আমার প্রথম এমন অনুষ্ঠানে অংশগ্রহণ। পুরস্কারপ্রাপ্তদের দায়িত্ব আরো বেড়ে গেছে এবং তাদের অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানো উচিত।” ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়