চট্টগ্রামের স্টেশন রোড দখলমুক্ত করতে কঠোর অবস্থানে চসিক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সরাসটি স্টেশন রোড পরিদর্শন করেন।
চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় সড়ক দখল করে মালামাল রাখার প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পথচারী চলাচলে বাধা ও যানজট কমাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সরাসটি স্টেশন রোডে উপস্থিত হয়ে সড়ক দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় মেয়র বলেন, সড়ক জনগণের সম্পদ। ব্যক্তিগত কাজে সড়ক দখল করে পণ্য রাখা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম বন্ধে সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে।
তিনি জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমা মেনে চলা বাধ্যতামূলক। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা আইনবিরোধী। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনে জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, স্বেচ্ছায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, স্টেশন রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এতে অবৈধ দখল উচ্ছেদ করে যান ও পথচারীর চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা