ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মায়ের দুধের পুষ্টিগুণের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ এপ্রিল ২০২৬  
মায়ের দুধের পুষ্টিগুণের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়; শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য ও দীর্ঘমেয়াদি।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একটি ভিটামিন বা একটি ওষুধ খেয়ে জীবন চলে না, কিন্তু মায়ের দুধ একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীর গঠন করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।”

জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলস্ট্রাম) খাওয়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয় উপাদান থাকে।

তিনি বলেন, “বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক। গ্রামীণ নারীরা এখনো দুই বছর পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ালেও শহুরে ও শিক্ষিত মায়েদের মধ্যে এই প্রবণতা কমছে।”

মন্ত্রী আরো বলেন, “জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে এবং এরপর দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর সম্পূরক খাবার দিতে হবে।”

এ বিষয়ে সচেতনতা বাড়াতে পুষ্টিকর্মীদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়; কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি শুধু শরীর নয়, মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত।”

দেশে সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতির প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অপুষ্টির কারণে শিশুদের মধ্যে জটিলতা বাড়ছে। তাই পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং মায়ের দুধ নিশ্চিত করা জরুরি। শুধু সেমিনার বা কাগজে-কলমে নয়, পুষ্টি বিষয়ক বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি তাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসেও নজর দিতে হবে।”

ফাস্টফুড নির্ভরতা কমিয়ে শাকসবজি, মাছ-মাংসসহ সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়