ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরমে নিয়মিত ডাবের পানি পান করছেন? কখন পান করলে বেশি উপকার পাবেন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫৪, ২৩ এপ্রিল ২০২৬
গরমে নিয়মিত ডাবের পানি পান করছেন? কখন পান করলে বেশি উপকার পাবেন

গরমের দিনে শরীরের জন্য এক প্রাকৃতিক টনিকের মতো। ছবি: সংগৃহীত

গরমের দিনে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে ডাবের পানির জুড়ি নেই। এক গ্লাস ডাবের পানি পান কলে শুধু তৃষ্ণাই মেটে না, বরং ভেতর থেকে শরীর পুনরুজ্জীবিত হয়। তবে এই উপকারী পানীয়টি নিয়েও আছে কিছু সতর্কতা—বিশেষ করে প্রতিদিন পান করার ক্ষেত্রে।

ডাবের পানির উপকারিতা 
প্রথমেই আসা যাক এর উপকারিতায়। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর—যেমন এতে আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এই উপাদানগুলো শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কোষে পুষ্টি ও বর্জ্যের আদান-প্রদান সহজ করে এবং পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে। বিশেষ করে বমি, ডায়রিয়া বা অতিরিক্ত ব্যায়ামের পর শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, তা দ্রুত পূরণ করতে ডাবের পানি খুবই কার্যকর।

আরো পড়ুন:

পুষ্টিগুণের দিক থেকেও ডাবের পানি বেশ সমৃদ্ধ। প্রতি এক কাপ ডাবের পানিতে প্রায় ৪৪ ক্যালরি, ১০.৪ গ্রাম কার্বোহাইড্রেট, ৯.৬ গ্রাম প্রাকৃতিক চিনি, সামান্য প্রোটিন এবং উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন সি ও পটাশিয়াম থাকে।

হৃদযন্ত্র ভালো রাখে
হৃদ্‌স্বাস্থ্যের ক্ষেত্রেও ডাবের পানি উপকারী। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কিডনিতে পাথর গঠনের ঝুঁকি কমায়
এছাড়া ডাবের পানি কিডনিতে পাথর গঠনের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি শরীর থেকে অতিরিক্ত খনিজ বের করে দিতে সহায়তা করে। ফসফেট ও ক্যালসিয়ামের উপস্থিতি হাড় ও দাঁত মজবুত রাখতেও ভূমিকা রাখে। আবার এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

ডাবের পানি কখন পান করলে বেশি উপকার পাওয়া যায়
ব্যায়ামের পর, প্রচণ্ড গরমে, সাউনা বা স্টিম বাথের পর, ডায়রিয়া বা ভাইরাসজনিত অসুস্থতার পর এবং শরীরে পানিশূন্যতা দেখা দিলে এটি বিশেষভাবে উপকারী।

এখন প্রশ্ন হলো—প্রতিদিন ডাবের পানি পান করা কি নিরাপদ? এর উত্তর এক কথায় নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা, জীবনযাপন ও পরিবেশের ওপর। সাধারণভাবে সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে নিয়মিত পান করা উপকারী হতে পারে। তবে অতিরিক্ত পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যা কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।

বিশেষ করে যাদের কিডনি সমস্যা রয়েছে, কিডনি ঠিকমতো কাজ করছে না বা যারা নির্দিষ্ট কিছু ওষুধ—যেমন ACE inhibitors—গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে ডাবের পানি বেশি পান করা বিপজ্জনক হতে পারে। তাই এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বলা যায়, ডাবের পানি গরমের দিনে শরীরের জন্য এক প্রাকৃতিক টনিকের মতো। তবে যেকোনো ভালো জিনিসের মতো এটিও পরিমিত পরিমাণে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ ও উপকারী।

সূত্র: ভেরিওয়েল হেলথ

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়