ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাসভাড়া বাড়াতে মালিকরা অপেক্ষায়, মানছেন না চালকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৩, ২২ এপ্রিল ২০২৬
বাসভাড়া বাড়াতে মালিকরা অপেক্ষায়, মানছেন না চালকরা

অনেক বাসচালক ও হেল্পাররা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছে যাত্রীরা। ছবি: রাইজিংবিডি

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর বিষয়ে সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে পরিবহন মালিকরা। তবে মালিক সমিতির নির্দেশনা সত্ত্বেও অনেক চালক ও হেল্পার বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ এপ্রিল) ঢাকার বিভিন্ন রুটে চলাচল করা বাসের যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায় মিশ্র প্রতিক্রিয়া।

আরো পড়ুন:

আজিমপুর থেকে মিরপুর রুটের চলাচল করা মিরপুর মেট্রো বাসের যাত্রী বেসরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “তেলের দাম বৃদ্ধির কারণে সরকারের ঘোষণার আগেই বাসভাড়া বাড়াতে চায় চালক ও হেল্পারা। এখন নির্ধারিত ভাড়ার থেকে ৫ থেকে ১০ টাকা বেশি চাচ্ছে। এই অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলেন তাদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। আমাদের বেতন তো আর বাড়ে না। ঢাকা শহরের এখন জীবন যাপনের ব্যয়ে আয়ের থেকে বেশি। ঢাকায় থাকা এখন আমাদের মতো মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।”

মোহাম্মদপুর থেকে ডেমরা রুটে চলাচল করা মিডলাইন পরিবহনের যাত্রী বজলুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার।‌ মোহাম্মদপুর আমার মেয়ের বাসা। প্রায়ই আসা হয় মোহাম্মদপুরে। আজকের আমার কাছ থেকে ১০ টাকা বেশি নিয়েছে চেয়ে। বললো তেলের দাম বাড়ছে, আবার তেল নিতে পাম্পে দীর্ঘ লাইন। তাদের নাকি পরিশ্রমের টাকাই উঠে না। তাই ঝামেলা না করে দিয়ে দিয়েছি।”

মোহাম্মদপুর থেকে দয়াগঞ্জ রুটে চলাচল করা মালঞ্চ পরিবহনের যাত্রী ঢাকা কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “কয়েকদিন থেকেই ভাড়া বাড়ানোর আলোচনার কথা শুনছি।  যদিও আমি এখন পর্যন্ত হাফ ভাড়া দিয়েছি। তবে মাঝে মাঝে ঝামেলা করে কিছু হেল্পররা।” 

একই বাসের হেল্পার আনোয়ারুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “তেলের দাম যে হারে বাড়ছে তাতে ভাড়া বাড়নো ছাড়া উপায় নেই। এখন যাত্রী কম, ট্রিপ কম। দিন শেষে আমাদের পরিশ্রমের টাকাই উঠে না। মালিকা আর কতদিন লোকসান গুণবে। তবে আমাদের বাসে এখনো আগের নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।”

মিরপুর মেট্রো পরিবহনের চালক রাজিব হাওলাদার বলেন, “আমরা এখন পর্যন্ত বাসে বাড়তি ভাড়া নিচ্ছি না। সরকারি ঘোষণা আসলে তখন নেব। যাত্রীদের বললে যদি ৫/১০ বেশি দেয় তাহলে নেই। এখন যে পরিস্থিতি তাতে রাস্তায় গাড়ি নিয়ে নামা মানে লোকসান।” 

পরিবহন মালিক সমিতি সূত্র মতে, ২০২২ সালের আগস্টে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২.২০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২.৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। 

এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্ত বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। 

অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতিটি লিটার জ্বালানিতে ১৫ টাকা মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। তার অন্যথা হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান তিনি।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। এতে মালিক সমিতি সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।

মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

ঢাকা/রায়হান/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়