নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, গুলিতে আহত ৬
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহতকে দেখতে হাসপাতালে যান পুলিশ ও স্বজনরা
পদ্মা নদীতে টহল দেওয়ার সময় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। টহল নৌকার মাঝিও আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকার পদ্মা নদীতে ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত। তাদের মধ্যে গুরুতর মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছায়। এ সময় সন্ত্রাসীরা হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য ও তিনি গুলিবিদ্ধ হন। আহতদের পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, “আমরা জানতে পারি, পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে। সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/মাসুদ