মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম।
কুষ্টিয়ার দৌলতপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মধ্যরাত ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় ঘটনাটি ঘটে।
আহত রবিউল ইসলাম একই এলাকার হাফেজ প্রামাণিকের ছেলে। তিনি উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গুলিবিদ্ধ অন্যরা হলেন- সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)।
দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, সোমবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে সন্ত্রাসীরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছোড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন, এমন একটি খবর আমি পেয়েছি। কী কারণে তার ওপর হামলা হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারব না। দলীয়ভাবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার মধ্যরাত ১২টার দিকে একদল সন্ত্রাসী জোর করে রবিউল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন এবং স্থানীয়রা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি চালায়। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। কী কারণে কারা এ ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। এখনো কিছু জানা যায়নি।
ঢাকা/কাঞ্চন/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার