ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বন্ধ জুট মিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার: পাট প্রতিমন্ত্রী 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২১ এপ্রিল ২০২৬  
বন্ধ জুট মিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার: পাট প্রতিমন্ত্রী 

নরসিংদীর পলাশে মঙ্গলবার কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

সারাদেশের বন্ধ জুট মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, “সরকারি কিংবা বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় এসব মিল চালু করা হবে, যাতে শিল্প খাতের গতি ফিরিয়ে আনা যায় এবং নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।”

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।  পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মিলটির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, “নরসিংদীর দুটি জুট মিলসহ সারাদেশের যেসব কারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। ইতোমধ্যে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য কাজ শুরু হয়েছে, যাতে এসব কারখানায় বিনিয়োগ আসে এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়।”

তিনি বলেন, “অতীত সরকারের সময় বিভিন্ন কারণে অনেক জুট মিল বন্ধ হয়ে যায়, যার ফলে অসংখ্য শ্রমিক ও কর্মচারী বেকার হয়ে পড়েন।” 

বর্তমান সরকার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, “জনগণের সরকার হিসেবে আমরা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন- বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

ঢাকা/হৃদয়/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়