শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই আসামিকে আটক করেছে পুলিশ। রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে আলী রেজা রাজু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এর পর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেন।
ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে রাজু বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত যুবক ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে, রাজু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে থানায় এজাহার দায়ের করা হয়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেছেন, “ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঢাকা/রিটন/রফিক
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩