স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাতে শোভাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১২ জুন) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
অভিযুক্ত এস এম মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।
এস এম মিজানুর রহমান ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি ব্যবহার করে ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে’ শীর্ষক ক্যাপশন দেওয়া হয়। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলার শোভাগঞ্জ বাজারে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামাণিক বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় শোভাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেছেন, “স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়নি। এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।”
ঢাকা/মাসুম/রফিক
দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী