ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘পুশ ইন’ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১২ জুন ২০২৬  
‘পুশ ইন’ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি বাংলাদেশে ‘পুশ ইন’ নিয়ে কোনো মন্তব্য করবেন না। শুক্রবার কলকাতার কাছে নিউটাউনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৪ জুন বাংলাদেশের সংসদে ‘পুশ ইন’ ইস্যুতে বিরোধী দল জামায়াতে ইসলামী মোশন আনতে পরে বলে খবর পাওয়া যাচ্ছে। 

এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “একটি বাইরের দেশের সংসদে কোন বিষয় উত্থাপন করবেন, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না। যদি আনে তবে তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র নীতি রয়েছে। তাছাড়া বাংলাদেশ সীমান্ত শুধু মাত্র পশ্চিমবঙ্গের সাথে নয়, পাঁচটা রাজ্যের সাথে রয়েছে। এ ব্যাপারে দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয়, তারা মন্তব্য করবেন।” 

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল সংসদ সদস্য আহমেদ হাসান ইমরানের সাথে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বা বাংলাদেশের নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করে তোলার পিছনেও হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে লোকসভার বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।  

এমন একটি অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “উনি (কাকলি ঘোষ দস্তিদার) চিঠি লিখেছিলেন কিনা আমার জানা নেই। তবে এই ধরনের অবৈধ কাজকর্ম যে পশ্চিমবঙ্গের মাটিতে হতো, সেটা আমরা জানি। বহুবার বিরোধী দলীয় নেতা হিসেবে আমরা এটা বলেছি। কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে আমার বলাটা ঠিক হবে না। যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা রয়েছে তারা বিষয়টি দেখবে। তারা যদি কোন প্রকার সহায়তা চায়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।” 

সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফের হাতে জমি হস্তান্তর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা ১০০ কিলোমিটারের মতো জমি বিএসএফের হাতে হস্তান্তর করেছি। উত্তরবঙ্গের চিকেন নেকের মতো কিছু জায়গা আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করব। কারণ এটা দেশের সুরক্ষার বিষয়।”
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়