ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঘরের বেড়ায় বল লাগায় তিন শিশুকে পেটানোর অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১২ জুন ২০২৬  
ঘরের বেড়ায় বল লাগায় তিন শিশুকে পেটানোর অভিযোগ

বাড়ির রান্নাঘরের বেড়ায় বল লাগায় প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে জয়তুন বেগম নামের এক নারীর বিরুদ্ধে। ওই তিন শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পঞ্চগড় জেলা শহরের জালাসী শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- পঞ্চম শ্রেণির ছাত্র রেজওয়ান খান অপূর্ব, মিম হোসেন ও চতুর্থ শ্রেণির ছাত্র তাওহীদ হাসান আশিক।

আহত ছাত্ররা জানিয়েছে, দুপুরে টিফিনের বিরতির সময় মাঠে ফুটবল খেলছিল তারা। একপর্যায়ে বলটি বিদ্যালয়ের পাশের হাসেন আলীর বাড়ির রান্নাঘরের বেড়ায় গিয়ে লাগে। এ সময় ক্ষুব্ধ হয়ে হাসানের স্ত্রী জয়তুন বেগম লাঠি দিয়ে ওই তিন শিক্ষার্থীকে আঘাত করেন। ইট-পাটকেলও ছোড়েন তিনি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ আহত তিন ছাত্রকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

রেজওয়ান খান অপূর্ব বলে, “ওরা খেলছিল, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। টিনের বেড়ায় বল লাগায় ওই আন্টি এসে আমার পায়ে লাঠি দিয়ে মারতে থাকে, আমি পড়ে যাই। পরে ম্যাডাম আমাকে হাসপাতালে নিয়ে আসে।”

শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা জান্নাতুল পারভীন বলেছেন, “হাসেন আলীর সাথে আমাদের বিদ্যালয়ের তিন শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলাও করেছি। এর রেশ ধরে তিনি আমাদের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেন। আজ তাদের রান্নাঘরের বেড়ায় বল লাগায় তিনজন ছাত্রকে পিটিয়ে আহত করেছেন। তাদের আচরণে অভিভাবকরাও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ ধরনের আচরণ বার বার আমরা মেনে নিতে পারি না। তাই, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জয়তুন বেগমের স্বামী হাসেন আলী বলেন, “রান্নাঘরে ভাতের ওপর ফুটবল গিয়ে পড়ায় আমার স্ত্রী শিশুদের সামান্য শাসন করেছে।”

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেছেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/নাঈম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়