ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে গোসল করতে নেমে শালি-শালা-দুলাভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৩ জুন ২০২৬   আপডেট: ২১:০৬, ১৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জে গোসল করতে নেমে শালি-শালা-দুলাভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক গালিব (১৮) ও শালি সুরাইয়া (১২)। তারা সম্পর্কে শালি-শালা-দুলাভাই বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আজ শনিবার দুপুরে ডিএনডি লেকে একই পরিবারে চার সদস্য গোসল করতে নামেন। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের একজন উঠে এলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে আদমজী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করে। এর প্রায় ৪০ মিনিট পর সুরাইয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরি দল।  

বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আমরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করেছিলাম। এরপর নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, মৃতরা একই পরিবারের সদস্য। তারা সম্পর্কে শালি-শালা-দুলাভাই। 

ঢাকা/অনিক//

সর্বশেষ

পাঠকপ্রিয়