ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৩ জুন ২০২৬  
ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা ঝিলিক একসময় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন। তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায়  অভিনয় করেন।

নিহতের ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, “আমার বোনকে তার স্বামী হত্যা করেছে। আমরা ধানমন্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।”

পরিবারের অভিযোগ, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর ঝিলিক ও তার স্বামীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী তাকে হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে ফেলে দেন বলে দাবি করেন তারা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, “আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, আসমা ঝিলিক কয়েক বছর আগে নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে শোবিজ অঙ্গন থেকে সরে যান। পারিবারিক জীবনে বেশি সময় দেওয়ার জন্যই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এদিকে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। তদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছে পরিবার।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়