ভূরুঙ্গামারী-ঢাকা বাস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা ও নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা ও নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনসাধারণ।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপির প্রবীণ নেতা কাজী নিজাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের যাতায়াত ব্যয় ও সময় দুটোই বেড়ে গেছে।
তারা আরও বলেন, উপজেলার আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বাস সার্ভিস বন্ধ রয়েছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে দীর্ঘ সময় ধরে পরিবহন সেবা বন্ধ রাখায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে দূরপাল্লার দিবা ও নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
গত সোমবার (৮ জুন) রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ভূরুঙ্গামারীর সঙ্গে দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি।
ঢাকা/সৈকত/বকুল
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩