যুক্তরাষ্ট্রে পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থী
রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সালমা সুমাইয়া
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা সুমাইয়া যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিজৌরি-কলাম্বিয়া (মিজৌ)-তে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিয়ে তিনি গবেষণার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।
শুধু পিএইচডিতে ভর্তি হওয়ার সুযোগই নয়, সালমা টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক গবেষণা বৃত্তিও (স্টাইপেন্ড) পাবেন। অর্থাৎ তার পড়াশোনা ও জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অর্জনে রুয়েট ম্যাটেরিয়ালস ক্লাব এবং বিভাগীয় কর্তৃপক্ষ গর্ব প্রকাশ করে একে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ (এএইউ)-এর সদস্য ইউনিভার্সিটি অব মিজৌরি-কলাম্বিয়া। বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং স্কুলও দেশটির শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে। এছাড়া, টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২৪ তম।
সালমা সুমাইয়ার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রুয়েটের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ। মেধা, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার সুযোগ তৈরি করা যায়, তার বাস্তব দৃষ্টান্ত তিনি।
তার এই সাফল্যে রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। একইসঙ্গে, এ অর্জন ক্যাম্পাসজুড়ে নতুন উদ্দীপনা ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা তৈরি করেছে।
ঢাকা/ হাফিজ/জান্নাত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩