বিতর্কিত ‘পেদ্দি’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় সরব উপস্থিতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণের বিপরীতে স্পোর্টস-ড্রামা ঘরানার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বুচি বাবু সানা নির্মিত এ সিনেমা গত ৪ জুন বিশ্বের ৩ হাজার ৭০০ পর্দায় মুক্তি পেয়েছে। বিতর্ক মাথায় নিয়ে সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে।
‘পেদ্দি’ সিনেমায় ‘আচিয়ামা’ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। চরিত্রটি কীভাবে লেখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক এবং নারীর অধিকারকর্মী সংগঠনগুলো। বিশেষ করে চলচ্চিত্রটির রোমান্স ট্র্যাককে ঘিরে সমালোচনা শুরু হয়। পরে জাহ্নবী কাপুরের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর বিতর্ক আরো মাথাচাড়া দেয়। পরে বিতর্কের মুখে প্রকাশ্যে ক্ষমা চান পরিচালক বুচি বাবু সানা। পাশাপাশি সংশ্লিষ্ট দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে মুছে ফেলেন। কিন্তু বিতর্কিত সিনেমাটির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী কাপুর?
ট্রেড রিপোর্ট অনুযায়ী, ‘পেদ্দি’ সিনেমায় রাম চরণের বিপরীতে ‘আচিয়ামা’ চরিত্রে অভিনয়ের জন্য জাহ্নবী কাপুর ৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৩১ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন। তথ্যটি সত্য হলে, এটি হবে তার অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ‘দেবারা’ চলচ্চিত্রের মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে জাহ্নবী কাপুরের। এ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। সেই তুলনায় ‘পেদ্দি’ সিনেমার জন্য তার প্রায় ৫০ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে।
জাহ্নবী কাপুর দুটো তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো—‘দেবারা’ ও ‘পেদ্দি’। মুক্তির পর দুটো সিনেমাই ভালো ব্যবসা করেছে। ফলে অল্প সময়ের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে উঠছেন। ট্রেড বিশেষজ্ঞদের মতে, বক্স অফিসে ধারাবাহিক সাফল্যই তার বাজারমূল্য ও চাহিদা বাড়িয়েছে। ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে তার পথ আরো প্রশস্ত হবে।
জাহ্নবী কাপুরের সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে ক্যামেরা তার মুখের চেয়ে শরীরের অন্যান্য অংশের ওপর বেশি ফোকাস করা হয়েছে। আরেকটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র ‘পেদ্দি’ তার সম্মতি ছাড়াই তাকে চুম্বন করছে। পাশাপাশি বলছে, শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া সে ভালোবাসা প্রকাশ করার অন্য কোনো উপায় জানে না।
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।
*সিয়াসাত ডটকম অবলম্বনে
ঢাকা/শান্ত