ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ডামি’ না কি, শাকিরাই ছিলেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১২ জুন ২০২৬   আপডেট: ২১:৩৭, ১২ জুন ২০২৬
‘ডামি’ না কি, শাকিরাই ছিলেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পারফরম নিয়ে প্রশ্ন উঠেছে

ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের প্রসঙ্গ এলেই চোখের সামনে ভেসে উঠে গায়িকা শাকিরার মুখ আর কানে বাজে তার মন মাতানো সুর। ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ থিম সং কণ্ঠে তোলার মধ্য দিয়ে দুনিয়ার ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। গতকাল ছাব্বিশের বিশ্বকাপের পর্দা উঠেছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামের জমকালো মঞ্চেও ‘দাই দাই গেয়েছেন কলম্বিয়ান এই পপ তারকা। 

আরো পড়ুন:

নাইজেরিয়ার বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং প্রথমবার লাইভ পরিবেশন করেন শাকিরা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঘণ্টা দেড়েক আগে হওয়া এই পরিবেশনাই ছিল সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত। তবে এবার কেবল প্রশংসা নয়, শাকিরার পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মঞ্চে পারফর্ম করার কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। প্রশ্ন উঠেছে—ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরাই কি গান গেয়েছেন, না কি তার ডামি?

এই প্রশ্ন উঠার কিছু কারণ তুলে ধরেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, শাকিরা তার পারফরম্যান্সের বেশিরভাগ সময় কালো সানগ্লাস পরেছিলেন। নেটিজেনদের কেউ কেউ দাবি করেছেন, মঞ্চে পারফর্ম করা ৪৯ বছর বয়সি শাকিরার শারীরিক অঙ্গভঙ্গি, চেহারা স্বাভাবিকের চেয়ে ভিন্ন দেখাচ্ছিল। ফলে এসব মন্তব্য দ্রুত মিম ও হাস্যরসে পরিণত হয়। 

কেউ কেউ দাবি করেছেন, মঞ্চে শাকিরা নয়, অন্য কেউ ছিলেন। নেটিজেনদের একজন ‘দাই দাই’ গানের নির্দিষ্ট স্টেপ মিস করার বিষয়টি স্মরণ বলেন, মঞ্চে থাকা ব্যক্তি প্রকৃত শাকিরা নন, বরং তার ‘ডামি’ বা ‘প্রতিরূপ’।

জমকালো মঞ্চে সত্যি শাকিরা ছিলেন কি না—এই সন্দেহের পেছনে আরেকটি কারণও উল্লেখ করেছে মার্কা। গণমাধ্যমটির এ প্রতিবেদনে বলা হয়েছে, ইদানীং লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত ভেনেজুয়েলার এক শিল্পী দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শাকিবেকার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে ভীষণ সাদৃশ্যপূর্ণ। হঠাৎ কেউ দেখলে এই দুজনকে আলাদা করতে হিমশিম খাবেন। শাকিবেকার সঙ্গে এমন ভুল বেশ কয়েকবার করেছেন তার ভক্তরা। আর এই সাদৃশ্যই জল্পনাকল্পনার আগুনে ঘি হিসেবে কাজ করছে।

শাকিবেকাকে শাকিরা ভেবে অনেকে ভুল করেন


শাকিরার পারফরম্যান্স ও ‘ডামি’ শাকিরাকে নিয়ে জোর চর্চা চললেও এখনো নীরব এই পপ তারকা। এমনকি, তার টিমের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর ফিফা কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে টুঁ-শব্দ করেনি।  

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়