ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে সাংবাদিককে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১২ জুন ২০২৬   আপডেট: ১৮:৩৯, ১২ জুন ২০২৬
কেরানীগঞ্জে সাংবাদিককে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ

শিপন উদ্দিন

ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে রাইজিংবিডি ডটকমের কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা শিপন উদ্দিন ও তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে সৎভাইদের বিরুদ্ধে। তার বাড়িতে ভাঙচুরও করা হয়েছে। সাংবাদিক শিপন উদ্দিনসহ তার পরিবারের তিন সদস্য প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১২ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ হামলা হয়। অভিযুক্তরা হলেন— ফিরোজ উদ্দিন দিপু (৪৮), ফরিদ উদ্দিন (৩৯) এবং আবু বক্কর সিদ্দিক বাবু (৬০)।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। হামলায় বাধা দিতে গেলে শিপন উদ্দিনকে মারধর করা হয়। হামলায় তার মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

শিপন উদ্দিন বলেছেন, “হামলাকারীরা আমার সৎ ভাই। পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে একটা মামলা চলছিল। মামলার রায় আমার পক্ষে আসায় পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শিপন উদ্দিনের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ঢাকা/শিপন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়