ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ-দ্বীন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১২ জুন ২০২৬   আপডেট: ১৮:৫৫, ১২ জুন ২০২৬
লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ-দ্বীন

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে বলেও জানিয়েছেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল।

আরো পড়ুন:

শুক্রবার (১২ জুন) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম মুকুল বলেন,“স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে আশা করছি।” 

তিনি জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডটি ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেখানে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী রোগীদের স্থানান্তরের বিষয়টি বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো রোগী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

রোগীদের অন্য হাসপাতালে রেফার না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আদ-দ্বীনের আরো কয়েকটি হাসপাতাল রয়েছে বলে সরকার জানিয়েছে। তবে রোগীদের চিকিৎসা বন্ধ করতে বলা হয়নি। সে কারণে বর্তমানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে।”

তিনি বলেন,“সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতালের দায়িত্ব। বিশেষ করে নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সুবিধা মগবাজার হাসপাতালেই রয়েছে। আদ-দ্বীনের অন্য হাসপাতালগুলোতে এ ধরনের ইউনিট না থাকায় রোগীদের সেখানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।”

তবে সরকারের বিভিন্ন হাসপাতালে এনআইসিইউ সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার যেভাবে নির্দেশনা দেবে, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই ব্যবস্থা নেবে।”

নতুন রোগী ভর্তির বিষয়ে তারিকুল ইসলাম মুকুল বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গতকাল থেকেই নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু আগে থেকে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জুন হাসপাতালটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়