ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ জুন ২০২৬  
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার ভোররাতে এই অভিযান চালানো হয়। সকাল হতেই এই খবর ছড়ানোর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়।

রাত ৩টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য  নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। ভোর রাতে এসে ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। শেষে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভিতরে ঢোকে। ঘণ্টাখানেকেরও বেশি সময় তল্লাশি চালানোর পরে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরোয়। নিজেদের মধ্যে আলোচনার পরে তারা ফের ভিতরে চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চলাকালে তিনি অভিষেকের সঙ্গেই ছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে হওয়া একটি মামলায় এই তল্লাশি অভিযান চালায় শালবনি থানার পুলিশ। সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা, টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সুমিতের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল কালীঘাটে। সেই সূত্রে রাত ৩টায় আসে শালবনি থানার পুলিশ। আপ্ত সহায়কের খোঁজে কালীঘাটের পটুয়াপাড়ার গোটা বহুতল তন্ন তন্ন করে সার্চ করে পুলিশ। এখনও সুমিত রায়ের খোঁজ মেলেনি।

এদিকে, শনিবারই পৌর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বাড়ি ও তার আশেপাশের এলাকার মোট আটটি জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তালিকায় রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা। সূত্রের খবর, বিধায়কের ভবানীপুর, জোকা, বেলঘড়িয়া ও দক্ষিণেশ্বরের বাড়িতে পৌঁছেছে ইডি কর্মকর্তারা। নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মদন মিত্রের বাড়িতে এই অভিযান। বিধায়কের বাড়ি থেকে একাধিক নথি ও ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়