ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: ২ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৩ জুন ২০২৬   আপডেট: ১২:৫৪, ১৩ জুন ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: ২ পুলিশ বরখাস্ত

নিজের উপর পুলিশে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্রিকেটার নাঈম হাসান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। 

আরো পড়ুন:

এদিকে, ভুক্তভোগী নাঈম হাসানের পরিবারও দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

আরো পড়ুন: আমাকে ‘আসামি’ বলে সম্বোধন করে, কথা বলতে নিষেধ করে: ক্রিকেটার নাঈম

শনিবার (১৩ জুন) সিএমপি সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানার রাত্রীকালীন মোবাইল টিমের সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলশী থানার এএসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমিরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নাঈম হাসান যেন ন্যায়বিচার পান এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত হয়, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি বলেন, “প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনার অভিযোগ ওঠায় ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়