বেড়েছে স্বর্ণ ও রূপার দাম
দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা ৪ বার স্বর্নের দাম কমানোর পর এবার দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়।
শনিবার (১৩ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৪ হাজার ৮১ ডলার।
দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৫৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/নাজমুল/ইভা