শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যুবদল নেতাকর্মীদের ভিড়
জিয়া উদ্যানে যুবদলের নেতাকর্মীদের ভিড়
নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচিকে ঘিরে ঢাকার জিয়া উদ্যানে যুবদলের নেতাকর্মীদের সমাগম ঘটেছে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে অংশ নিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জিয়া উদ্যানে আসেন। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাধিস্থলের আসেপাশের এলাকায় অবস্থান নেন।
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই সংগঠনটির প্রথম বড় কর্মসূচি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, “নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি হিসেবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যুবদল আজ আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। নতুন কমিটি সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরো শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
তিনি বলেন,“ যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে যুবদল এগিয়ে যাবে।”
ঢাকা/নজরুল/ইভা