সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ‘ককটেল বিস্ফোরণ’
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ঘটনাটি ঘটে। এতে হতাহত বা তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০-১২ জন রাতে অফিসে ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটরসাইকেল গ্যারেজে বসেন। এ সময় বিকট শব্দ শুনতে পান। দ্রুত অফিসের দরজা খুলে দেখেন এক কোনায় আগুন জ্বলছে।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম জানান, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশসহ বিএনপির নেতা-কর্মীরা কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে রাতে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল হয়। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/শাহীন/মাসুদ