ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিপদমুক্ত মিরাজ বাসায় ফিরেছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডেও আছেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৩ জুন ২০২৬  
বিপদমুক্ত মিরাজ বাসায় ফিরেছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডেও আছেন

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে শঙ্কা কমেছে। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলা হলেও ১২ ঘণ্টা যেতেই বাসায় ফিরেছেন।

দুই দফায় তার স্ক‌্যান করানো হয়েছিল। দ্বিতীয় রিপোর্ট ভালো আসায় তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। তবুও তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে মিরাজকে রেখে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে শুক্রবার রাতে। প্রথম দুই ওয়ানডের স্কোয়াড নিয়েই আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। আঘাত গুরুতর ছিল। মাঠে মিরাজকে বমি করতেও দেখা যায়। কিছুটা চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। জয়সূচক রান ছক্কায় আদায় করে মাঠ ছাড়েন তিনি। এরপর দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। পুরস্কার বিতরণীতে ছিলেন না।

বিসিবির ভিডিও বার্তায় টিম ম্যানেজার নাফিস ইকবাল জানালেন স্বস্তির খবর, “মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে অধিনায়কের আপডেট হলো, সে বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো তাকে পর্যবেক্ষেণে রাখা হয়েছিল এভারকেয়ারে (হাসপাতাল)। আপনারা জানেন যে, তার মাথায় লেগেছি বাউন্সারে এবং তার একটু বমি হয়, যেটা ছিল কিছুটা শঙ্কার। তার পরও সে খেলা চালিয়ে যায় এবং খেলার পরপরই বিসিবির চিকিৎসক ও ফিজিওরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে তাকে এভারকেয়ারে পাঠানো হবে।”

“যদিও সে ভালো অনুভব করছিল। তবু ঝুঁকি নেওয়া হয়নি। প্রথম স্ক্যানে তার রিপোর্ট ভালো আসে। আজকেও দ্বিতীয় স্ক্যানে তার রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ করা হয়।”

মিরাজ তার ফেসবুকে লিখেছেন, ‘‘আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য যারা কল ও মেসেজ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সময়মতো সাড়া দিতে না পারায় দুঃখিত। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে ২-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ। সুযোগ আছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না বাংলাদেশ। এজন‌্য স্কোয়াডেও কোনো পরিবর্তন আনেনি।

বাংলাদেশ স্কোয়াড: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়