শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা
নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার জিয়া উদ্যানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, “নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।”
ঢাকা/নজরুল/ইভা