ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৩ জুন ২০২৬   আপডেট: ১৮:৫৮, ১৩ জুন ২০২৬
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী এলাকায় মাসুদ চৌধুরী নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যার প্রতিবাদে রাউজান-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিহত মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে কাছ থেকে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আলামত সংগ্রহ শুরু করে। এ হত্যাকাণ্ডের পর আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “দুপুরে গুলিবিদ্ধ হয়ে মাসুদ চৌধুরীর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার অথবা স্থানীয় কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা বলতে চাচ্ছে না পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে, যুবদল নেতা হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাউজান-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঘটনার পর এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়