এমসি বাজার ইউটার্ন যেন ‘দুর্ঘটনার ফাঁদ’, ত্রিমুখী সংঘর্ষে আহত ৫
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার ইউটার্নে আবারও ঘটেছে দুর্ঘটনা। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অত্যন্ত ব্যস্ত এই সংযোগস্থলে দুটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এমসি বাজার ইউটার্নে যানবাহনের চাপ, অনিয়ন্ত্রিত চলাচল এবং কার্যকর তদারকির অভাবে প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে, দুর্ঘটনা ও যানজট যেন এখানকার নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাস্থলের পাশেই দায়িত্ব পালনরত তিতাস গ্যাসের নিরাপত্তাকর্মী সুজন জানান, ইউটার্নে অনেক চালক নিয়ম মেনে চলাচল করেন না। হঠাৎ করে মোড় নেওয়া কিংবা অসতর্কভাবে লেন পরিবর্তনের কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিকবাহী বাস, দূরপাল্লার যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপ একসঙ্গে পড়ায় ঝুঁকি আরো বেড়ে যায়।
সুফিয়া স্পিনিং মিলসের শ্রমিক রবিউল ইসলাম জানান, প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় এই ইউটার্নে ভোগান্তির মুখোমুখি হতে হয়। সামান্য অসতর্কতা কিংবা নিয়মভঙ্গের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শ্রমিকসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ইউটার্নে পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা পার হতে হয়।
তাদের দাবি, এখানে স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা, প্রয়োজনীয় সড়কচিহ্ন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক ইউটার্ন ব্যবস্থাপনা চালু করা জরুরি। অন্যথায়, দুর্ঘটনা ও জনভোগান্তি আরো বাড়বে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেছেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, শিল্পাঞ্চল ঘিরে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এমসি বাজার ইউটার্নে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হয়ে পড়বে।
ঢাকা/রফিক সরকার/রফিক
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩