ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টানা ৮ বছর খেলার পর উলভসের অবনমন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২১ এপ্রিল ২০২৬  
টানা ৮ বছর খেলার পর উলভসের অবনমন

শেষ পর্যন্ত অবনমন এড়ানো গেল না। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স প্রিমিয়ার লিগ থেকে নেমে গেল। আর সেটি নিশ্চিত হলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের গোলশূন্য ড্রয়ের পর।

এই ড্রয়ের ফলে ওয়েস্ট হ্যামের পয়েন্ট দাঁড়ায় ৩৩। অন্যদিকে ১৭ পয়েন্টে থাকা উলভসের হাতে বাকি ৫ ম্যাচ থাকলেও গাণিতিক হিসাবেই আর ওয়েস্ট হ্যামকে টপকানোর সুযোগ নেই। ফলে মৌসুম শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায় তাদের অবনমন।

আরো পড়ুন:

মৌসুমের শুরুতে দলের দায়িত্বে ছিলেন ভিতর পেরেইরা। কিন্তু নভেম্বরেই তাকে বরখাস্ত করা হয়, দায়িত্ব দেওয়া হয় সাবেক লুটন টাউন ও মিডলসব্রো কোচ রব এডওয়ার্ডসকে। ততদিনে অনেকটাই পিছিয়ে পড়েছিল দল।

পুরো মৌসুমজুড়েই হতাশাজনক পারফরম্যান্স ছিল উলভসের। জানুয়ারি পর্যন্ত তারা প্রথম জয়ের মুখই দেখেনি। এরপরও মাত্র ২টি জয়। যার মধ্যে ইউরোপিয়ান প্রতিযোগিতার লড়াইয়ে থাকা অ্যাস্টন ভিলা ও লিভারপুলের বিপক্ষে জয় ছিল কিছুটা স্বস্তির।

এই অবনমনের মধ্য দিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা ৮ মৌসুম খেলার ইতি টানল ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পর আবারও তাদের ফিরতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে।

অন্তর্বর্তী নির্বাহী নাথান শি ম্যাচের পর স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন, “সমর্থকরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।” একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে ক্লাব।

এক বিবৃতিতে শি বলেন, “এই অবনমন ক্লাবের সঙ্গে জড়িত সবার জন্যই কঠিন সময়। তবে ডিসেম্বর থেকে আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি, যাতে দ্রুত সঠিক পথে ফিরতে পারি। কোথায় উন্নতি দরকার, তা আমাদের পরিষ্কার।”

তিনি আরও যোগ করেন, “এই মৌসুমে সমর্থকদের ধৈর্য ও ভালোবাসা পরীক্ষা নেওয়া হয়েছে। ঘরে-বাইরে তাদের সমর্থন আমরা কখনোই হালকাভাবে নিইনি। তারা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব।”

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়