ধামরাইয়ে নারী নির্যাতনের মামলায় সাবেক ছাত্রদল নেতা কারাগারে
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীফুল ইসলাম।
ঢাকার ধামরাইয়ে নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় শরীফুল ইসলাম নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে এ নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শরীফুল ধামরাই পৌর ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নং ১০৮/২০২৫) শরীফুলকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে আগামী ২২ জুন পর্যন্ত কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেন গ্রেপ্তার শরীফুল ইসলাম। একপর্যায়ে ওই নারীর তলপেটে লাথি মারেন তিনি। এতে ওই নারীর রক্তক্ষরণ ও গর্ভপাত ঘটে।
ধামরাই থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টা ও চুরিসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।। এছাড়াও সরকারি জমি দখল থেকে শুরু করে এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে তার বিরুদ্ধে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় শরীফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা/সাব্বির/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার