রংপুর বিভাগে এসএসসি পরীক্ষাথী ১ লাখ ৮১ হাজার
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর বিভাগজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে রংপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪০৫ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, রংপুর বিভাগের ২ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে অংশ নিচ্ছেন এবারের এসএসসি পরীক্ষায়। পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মেয়ে শিক্ষার্থীর তুলনায় ছেলে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি।
প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রের সামনে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রের ভেতর ও বাইরে নজরদারি জোরদার করা হয়েছিল, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রংপুর নগরীর জিলা স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা কেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেন।
রংপুর নগরের সাতগাড়া এলাকার আশিকুর রহমান নামে অভিভাবক বলেন, “আমার ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাকে কেন্দ্রের ভেতর প্রবেশ করিয়ে আমি বাহিরে অপেক্ষা করছি। সন্তানের প্রস্তুতি মোটামুটি ভালো।” নতুন সরকারের আমলে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে খুশি তিনি।
সন্তানের পরীক্ষার এই সময়কালে ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়ে বিব্রত প্রকাশ করে এবিষয় সরকারের আন্তরিকতা কামনা করেন এই অভিভাবক।
রংপুর মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান জানান, মহানগরীর কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোর বাহিরে যাতে অযথা ভিড় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে পুলিশের।
জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, এবারের এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে জেলায় ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তার সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারেন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে।
ঢাকা/আমিরুল/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার