ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরম ফিলাপে অতিরিক্ত ফি, তদন্তের দাবি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২০ এপ্রিল ২০২৬  
ফরম ফিলাপে অতিরিক্ত ফি, তদন্তের দাবি

বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসা, চাটমোহর, পাবনা

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসায় প্রবেশপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত এই মাদ্রাসাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রাসায় গিয়ে এমন চিত্র দেখা যায়। ভুক্তভোগী পরীক্ষার্থী লিখন, নাঈম, সিয়াম ও সানজিদা জানান, ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রবেশপত্র পেতে তাদের প্রত্যেকের কাছ থেকে ৪৫০ টাকা নেওয়া হয়েছে। এছাড়া, নির্বাচনি পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে প্রতি বিষয়ে ৩০০ টাকা করে জরিমানা নেওয়ার অভিযোগও করেছেন তারা।

আরো পড়ুন:

অভিভাবকদের অভিযোগ আরো গুরুতর। ফয়জাল হোসেন, জাহাঙ্গীর আলম ও গোলাম নবী জানান, দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিত ফি ছিল ১ হাজার ৯৫০ টাকা, কিন্তু তাদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এখন আবার কেন্দ্র ফি নেওয়া হলে আগে অতিরিক্ত টাকা নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে বলে তারা মনে করছেন।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার আফতাব উদ্দিন বলেন, “ফরম ফিলাপের সময় শিক্ষার্থীরা কেন্দ্র ফি পরে দেওয়ার কথা জানিয়েছিল। সে অনুযায়ী নির্ধারিত ফি নিয়েই ফরম পূরণ করা হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাধারণ বিভাগের জন্য ৪০০ এবং বিজ্ঞান বিভাগের জন্য ৪৫০ টাকা কেন্দ্র ফি নেওয়ার নিয়ম রয়েছে।”

তবে, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ফরম ফিলাপের সময় কেন্দ্র ফিসহ টাকা নেওয়ার কথা। বোর্ডের অংশ জমা দিয়ে বাকি অর্থ প্রতিষ্ঠান তহবিলে রাখা হয় এবং পরে কেন্দ্রে জমা দেওয়া হয়। তবে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি আরো জানান, রশিদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা ফেরত দিতে হবে এবং এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

ঢাকা/শাহীন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়