ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৪৪, ২০ এপ্রিল ২০২৬
জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ

আজাহারুল ইসলাম।

কুড়িগ্রামের উলিপুরে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহারুল ইসলাম (৬৪) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।

অভিযোগে আজহারুল ইসলাম উল্লেখ করেছেন, তার ছোট দুই ছেলে আল ইমরান (৩৮) ও আবু হুরায়রা (৩৫)। দীর্ঘদিন ধরে আজহারুলের নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন তারা। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তারা আজহারুলকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হননি।

গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে দুই ছেলে (ইমরান ও হুরায়রা) অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাধা দিলে তারা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তা প্রতিরোধ করতে গেলে আজহারুলের ডান হাত ধরে মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়।

অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাত করার জন্য উদ্যত হলে বড় ছেলে রেজওয়ানুল ইসলাম ছুটে এসে বাবাকে রক্ষা করেন। এ সময় অভিযুক্তরা রেজওয়ানুল ইসলামকে মারধর এবং আজাহারুলকে একটি ঘরে আটকে রাখেন। পরে তিনি ডাক-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, “আমার ছোট দুই ভাই বাবার কাছে জমি লিখে নিতে চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় তারা বাবার ওপর নির্যাতন চালায়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা বৈঠকে আসেনি।”

অভিযোগের বিষয়ে জানতে আল ইমরানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়