দেশকে প্রাধান্য দিয়ে ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ
বিশ্ব ক্রিকেটে তারকা হয়ে ওঠার গল্পে নতুন এক অধ্যায় যোগ করলেন রশিদ খান। সম্প্রতি প্রকাশিত নিজের বইয়ে তিনি জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়া- দুই দেশ থেকেই নাগরিকত্ব ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করে তা প্রত্যাখ্যান করেছেন। কারণ একটাই- নিজ দেশের প্রতি অটল ভালোবাসা।
নতুন বই ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডমে’ উঠে এসেছে তার এই বিস্ময়কর অভিজ্ঞতা। নানগারহার থেকে বিশ্ব ক্রিকেটের শীর্ষে ওঠার পথচলায় অনেক প্রলোভন এসেছে, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন- ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আর্থিক সুযোগের চেয়েও বড় তার পরিচয় ও দেশ।
রশিদের ভাষায়, “ভারত ও অস্ট্রেলিয়া- দুই দেশ থেকেই এমন প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি বলেছি, যদি নিজের দেশের হয়ে না খেলি, তবে অন্য কোনো দেশের হয়েও খেলব না।” সংক্ষিপ্ত অথচ দৃঢ় এই বক্তব্যই তার অবস্থান স্পষ্ট করে দেয়।
বিশেষ করে ভারতের প্রস্তাবের ঘটনা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। ২০২৩ সালের আইপিএল চলাকালে, যখন তিনি গুজরাট টাইটান্সের অন্যতম ভরসার নাম, তখন এক দলের কর্মকর্তার মাধ্যমে তাকে জানানো হয়- ভারতের ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে চান। সেই সাক্ষাতে তাকে বলা হয়, “তোমার দেশের পরিস্থিতি ভালো নয়। ভারতে চলে আসো, আমরা তোমাকে নাগরিকত্ব দেব, এখানে থাকো এবং ক্রিকেট খেলো।”
এই প্রস্তাব শুনে বিস্মিত হলেও রশিদ ভদ্রভাবে নিজের অবস্থান জানান, “ধন্যবাদ, কিন্তু আমি আমার দেশ আফগানিস্তানের হয়েই খেলছি।” তার এই উত্তরেই পরিষ্কার হয়ে যায়- প্রলোভন যত বড়ই হোক, দেশের প্রশ্নে আপস নেই।
এই প্রসঙ্গে পুরোনো একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ২০১৮ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেক ভারতীয় সমর্থক সামাজিক মাধ্যমে তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন। সে সময় ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, নাগরিকত্বের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি রশিদকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করেন।
তবে এবার পার্থক্যটা হলো- এই গল্পটি নিজেই বলেছেন রশিদ খান। তাই এটি আর নিছক গুঞ্জন নয়, বরং একজন ক্রিকেটারের স্পষ্ট অবস্থান। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ, খ্যাতি ও সাফল্যের মাঝেও তিনি দেখিয়ে দিলেন- নিজ দেশের প্রতিনিধিত্বই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
ঢাকা/আমিনুল
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০