রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে, আজও আগের দিনের মতো গরম পড়বে। অন্যদিকে, সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
রবিবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার রাতে প্রকাশিত দেশের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে, দেশের অন্য জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে এসব বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে, দেশের অন্যত্র রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক